নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত উপজেলা গঠনে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করতে সিলেটে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারীদের অংশগ্রহণমূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল বুধবার। তবে সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত কোনো চেয়ারম্যান পদপ্রার্থী এতে যোগ দেননি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে ‘যোগ্য প্রার্থী নির্বাচন’ নামের এ অনুষ্ঠানের আয়োজন করে।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনের গতকাল সকালে আয়োজিত অনুষ্ঠানে দুজন নারী ও একজন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং একজন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী অংশ নেন। তাঁরা নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত উপজেলা পরিষদ গঠনের অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটির সভাপতি ইরফানুজ্জামান চৌধুরী সভাপতিত্ব করেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী উস্তার আলী, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী দিলারা হাসান ও হেনা বেগম।
সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
তবে আমন্ত্রণ জানানো হলেও আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা অনুষ্ঠানে যোগ দেননি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ এফ এম রুহুল আনাম চৌধুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন ছাড়াও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান আশফাক আহমদ, বিএনপি থেকে আবুল কাহের চৌধুরী ও শাহ জামাল প্রতিদ্বন্দ্বিতা করছেন।