বিশ্বের দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ। আর প্রতিবেশী ভারতের অবস্থান ৭৭তম। ৭২তম অবস্থানে রয়েছে পাকিস্তান।
গত বৃহস্পতিবার প্রকাশিত বিশ্ব ঝুঁকি প্রতিবেদন, ২০১৬-এর অংশ হিসেবে একটি সূচকে তুলে ধরা হয়েছে দেশগুলোর ঝুঁকির অবস্থা। জার্মানির ইউনিভার্সিটি অব স্টুটগার্টের সহায়তায় ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি (ইউএনইউ-ইএইচএস) ও বুন্দনিস এনটুইকলাং হিলফট প্রকাশ করেছে এ প্রতিবেদন।
সূচক অনুযায়ী, দুর্যোগের দিক দিয়ে সবচেয়ে ঝুঁকিতে আছে প্রশান্ত মহাসাগরীয় ছোট দেশ ভানুয়াতু। এরপর দ্বিতীয় থেকে চতুর্থ পর্যন্ত যথাক্রমে আছে টোঙ্গা, ফিলিপাইন ও গুয়াতেমালা।
সূচকে ১৭১টি দেশের ঝুঁকির মাত্রা পরিমাপ করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক দুর্বলতার সমন্বিত বিশ্লেষণের মাধ্যমে। গবেষকেরা প্রতিবেদনের উপসংহারে বলেছেন, জরুরি অবকাঠামোর অভাব ঝুঁকির মাত্রা বাড়িয়ে দেয় এবং বড় ধরনের প্রাকৃতিক ঘটনা দুর্যোগে পরিণত হয়।