
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার দুপুরে নেপাল থেকে দেশে ফিরেছেন। তিনি বিমসটেকের চতুর্থ সম্মেলনে যোগ দিতে গতকাল বৃহস্পতিবার নেপাল যান।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সকালে সদস্য সাতটি দেশের নেতৃবৃন্দসহ প্রধানমন্ত্রী বিমসটেকের সমাপনী অধিবেশনে যোগদান করেন।
বিমসটেক সম্মেলনে প্রদত্ত ভাষণে শেখ হাসিনা মুক্ত বাণিজ্য অঞ্চল সৃষ্টি, বিনিয়োগ ও জ্বালানি খাতে যৌথ প্রচেষ্টা, জনগণের মধ্যে যোগাযোগ এবং অর্থায়ন প্রক্রিয়া গড়ে তোলার মাধ্যমে বিমসটেক ফোরামে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন।
সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রী এবং বিমসটেক নেতারা নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
এই উপ-আঞ্চলিক সংস্থাটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে গঠিত হয়। এই জোটের সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার এবং মিয়ানমার ও থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ।