সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামে আট বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে মন্টু মিয়া নামের এক ব্যক্তির ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ গতকাল রোববার বিকেলে এ রায় দেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, মন্টু মিয়া গতকাল দুপুরে ওই শিশুর হাত-পা ও মুখ বেঁধে নদীর পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চাচাতো ভাই বিষয়টি দেখে চেঁচামেচি শুরু করলে লোকজন ছুটে আসে এবং শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারের পর মন্টুকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।