নবাবগঞ্জে কসাইকে পিটিয়ে আহত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজারে গতকাল শুক্রবার হাতুড়ি দিয়ে পিটিয়ে আলাউদ্দিন (৪৫) নামের এক কসাইকে আহত করেছে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শী ও বাজারের দোকানদার সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বাগমারা বাজারের দোকানে গিয়ে চার-পাঁচজন সন্ত্রাসী আলাউদ্দিনকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ সময় দোকান থেকে একটি চাপাতি, দুটি চাকু ও তাঁর ক্যাশ বাক্স থেকে ৫০ হাজার টাকা লুটে নেয় সন্ত্রাসীরা। পরে পাশের দোকানদাররা আলাউদ্দিনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।