ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিংজোর গ্রামের এক বাড়িতে গত সোমবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা রাইফেলসহ তিনটি আগ্নেয়াস্ত্র এবং স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবারের বিবরণ অনুযায়ী, সোমবার রাত দুইটার দিকে ২০-২৫ জনের সংঘবদ্ধ একটি ডাকাতদল ওই গ্রামের কামাল ভূঁইয়ার বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢোকে। পরে বিভিন্ন কক্ষের লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে একটি রাইফেল, একটি একনলা বন্দুক ও একটি পিস্তল লুট করে। এ সময় রাইফেলের ৫০টি, পিস্তলের ১৫টি ও বন্দুকের ১৩টি গুলি লুট করে ডাকাতেরা। এ ছাড়া ১০ ভরি স্বর্ণালংকার, ১০টি মুঠোফোনসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।কামাল ভূঁইয়া প্রথম আলোকে বলেন, অস্ত্রগুলো তাঁর ও মেঝো ছেলে রেজাউল ইসলাম ভূঁইয়ার নামে লাইসেন্স করা ছিল। নবাবগঞ্জ থানার ওসি শেখ মাসুদ করিম বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।