নরসিংদী সদর উপজেলার চরদীঘলদি ইউনিয়নের অনন্তরামপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিএনপির সমর্থক নেওয়াজ আলী ওরফে নেওয়াজ মেম্বার ও আওয়ামী লীগের সমর্থক ফরহাদ মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। আহত ব্যক্তিরা হলেন: ফরহাদ মিয়ার পক্ষের নবী মিয়া, বাছেদ মিয়া, অলেক মিয়া, মনোয়ারা বেগম, খোরশেদ মিয়া, সারফিন মিয়া ও শাজাহান মিয়া। আর নেওয়াজ আলীর পক্ষের আহত ব্যক্তিরা হচ্ছেন: আলমগীর হোসেন, মিষ্টার আলী, সিফর আলী ও রত্না বেগম। গুরুতর আহত আলমগীর, নবী, বাছেদ, মনোয়ারা ও অলেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নরসিংদীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, গতকাল উভয় পক্ষ টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।