নাটোর বিএনপির চার নেতাকে দল থেকে অব্যাহতি

নাটোর জেলা বিএনপির চার নেতাকে গতকাল বৃহস্পতিবার দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গতকাল বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।যে চারজনকে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁরা হলেন: নাটোর জেলা বিএনপির সহসভাপতি মো. শহীদুল ইসলাম, আবদুল মান্নাফ, সহসাংগঠনিক সম্পাদক মিজানুল হক ও সদস্য গোলাম মোস্তফা। দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়াসহ দলের ভেতরে কোন্দল, সংঘাত, বিদ্বেষ ছড়ানো এবং নেতাদের নামে কুৎসা রটানোর অভিযোগে গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।