ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। গত শুক্রবার নান্দাইল পৌর শহরের ডাকবাংলোয় তলবি সভা আহ্বান করে কমিটির বর্তমান সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়াকে নিষ্ক্রিয় ঘোষণা করা হয়। এ সভায় তাঁদের দায়িত্ব যথাক্রমে সহসভাপতি আবদুল আহাদ ও যুগ্ম সম্পাদক আবুল কাশেমকে দেওয়া হয়েছে।
আবদুল আহাদ বলেন, নতুন সাংসদকে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সহায়তা করছে না। তাই দলীয় কার্যক্রম চালাতে এ পদক্ষেপ নিতে হয়েছে।
এ ব্যাপারে সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘সম্পূর্ণ অসাংগঠনিক উপায়ে এ পদক্ষেপ নিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে। আমরা কাউকে অসহযোগিতা করিনি।’
দলীয় সূত্র জানায়, ঋণখেলাপির কারণে আবদুস সালাম দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেননি। দলীয় মনোনয়নে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন আনোয়ারুল আবেদিন খান। শপথ গ্রহণ শেষে তিনি নান্দাইলে এলে আবদুস সালামের নেতৃত্বাধীন কমিটি তাকে বরণ করেনি। যদিও এ কমিটির বেশির ভাগ সদস্য নতুন সাংসদের পক্ষে। এ অবস্থায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতেই কমিটি পুনর্গঠন করা হয়।