নারায়ণগঞ্জ বন্দর উপজেলার একটি কারখানায় গতকাল সোমবার একদল ডাকাত হামলা চালিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ উঠেছে।কারখানার মালিক নজরুল ইসলাম জানান, গতকাল ভোরে উপজেলার নির্মাণাধীন এনএ রি-রোলিং কারখানায় ২০-২৫ জনের একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। ডাকাতেরা কারখানার নৈশপ্রহরী তাওলাদ হোসেন (৪০), রুবেল (২০), মোতালেব (৩৫) এবং মিস্ত্রি নজরুল (২৮) ও রিয়াজুলকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা কারখানার বৈদ্যুতিক তার, মেশিনারিজসহ বিভিন্ন মালামাল ট্রাকে তুলে নিয়ে চলে যায়।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ ডাকাতির ঘটনা অস্বীকার করে বলেন, এলাকার কিছু বখাটে মালামাল লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।