নারীর অধিকার রক্ষায় বাংলাদেশের বর্তমান অবস্থান পর্যালোচনা করবে নারীর প্রতি বৈষম্য দূরীকরণবিষয়ক জাতিসংঘের ‘কমিটি অন দ্য এলিমিনেশন অব ডিসক্রিমিনেশন অ্যাগেইনস্ট উইমেন (সিডও)’। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনএইচসিআর বলেছে, সিডও সনদ অনুমোদন করেছে বাংলাদেশ এবং সে অনুযায়ী সনদটি কতখানি ও কীভাবে প্রয়োগ করা হচ্ছে, তা এই কমিটি নিয়মিত পর্যালোচনা করে।
৮ নভেম্বর সিডওর সঙ্গে আলোচনায় অংশ নেবে বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধিদল। এতে বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) প্রতিনিধিদের বক্তব্যও বিবেচনায় নেওয়া হবে।
আলোচ্যসূচিতে বিয়ে, বিচ্ছেদ, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও নাগরিকত্বের ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্যমূলক আইনগুলো প্রাধান্য পেতে পারে। নারীর অবদান, বাল্যবিবাহ, নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং যৌন নির্যাতন ও নিপীড়ন, সরকার পরিচালনায় নারীর অবস্থান, শ্রমবাজারে নারীর অংশগ্রহণ, মজুরির বৈষম্য ও কর্মক্ষেত্রে, বিশেষ করে গৃহকাজে নারী কর্মীদের ওপর শোষণ নিয়ে আলোচনা হতে পারে। সেই সঙ্গে দলিত এবং রোহিঙ্গা নারী ও মেয়েশিশুদের ওপর বৈষম্য, অন্যায়, সহিংসতা ও শোষণ প্রসঙ্গও উঠে আসতে পারে।
কমিটির চূড়ান্ত পর্যবেক্ষণ ২১ নভেম্বর প্রকাশ করা হবে।