কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে আবুল বশর (৩৫) নামে এক নৌকার মালিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। গতকাল বুধবার ভোর চারটার দিকে বঙ্গোপসাগরের পাঁচবাইন নামক এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল ভোরে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের বাসিন্দা ও নৌকার মালিক মৃত ফজিল হোসেনের ছেলে আবুল বশরসহ ছয়জন মাঝিমাল্লা নিয়ে প্রতিদিনের মতো মাছ শিকারে যাওয়ার সময় সাগরের পাঁচবাইন নামক স্থানে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। এ সময় অন্য একটি নৌকা এগিয়ে এসে পাঁচজন মাঝিমাল্লাকে উদ্ধার করতে সক্ষম হলেও নৌকার মালিকের কোনো খোঁজ পাওয়া যায়নি।