একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে যথাযথ চিকিৎসা না দেওয়ার অভিযোগের বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। ২৩ অক্টোবরের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ককে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এই সময়ের মধ্যে এর আগের নির্দেশনা অনুসারে নিজামীর চিকিৎসাসেবা নিশ্চিতে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানিয়েছেন নিজামীর আইনজীবী তাজুল ইসলাম।