পটুয়াখালীর বাউফল পৌরসভার গোলাবাড়ি এলাকায় গতকাল বুধবার দুপুরে একটি নির্মাণাধীন বহুতল ভবনের তৃতীয় তলার দেয়াল ধসে একটি দোকানঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় মো. সেলিম (২৮) নামের ওই দোকানের একজন ক্রেতা আহত হয়েছেন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করেছে পৌরসভা কর্তৃপক্ষ ও বাউফল থানার পুলিশ। পৌরসভা কর্তৃপক্ষ ভবনটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্মাণাধীন ওই ভবনের মালিক মো. হারুন অর রশিদ। দেয়াল ধসে ওই ভবন-সংলগ্ন যে দোকানঘরটি বিধ্বস্ত হয়েছে, সেই দোকানের মালিক মো. আবদুর রব মিয়া। তাঁর কাছ থেকে ভাড়া নিয়ে মুদি, মনিহারি ও চায়ের দোকান করছেন মো. জুয়েল (৩৫) নামের এক ব্যক্তি। ঘটনার সময় তিনি বাইরে ছিলেন।
মো. জুয়েল বলেন, ‘ভাগ্য ভালো ওই সময় দোকানের বাইরে ছিলাম।’