নেত্রকোনায় গতকাল বুধবার একই স্থানে বিএনপির দুটি পক্ষ ইফতার মাহফিলের আয়োজন করলে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় পুলিশ কোনো পক্ষকেই সেখানে ইফতার করতে দেয়নি।
জেলা বিএনপি ও তৃণমূল বিএনপি নামে দুটি পক্ষ জেলা শহরের ছোট বাজার এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করে।
দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা জেলা বিএনপিতে দীর্ঘদিন ধরেই দলীয় কোন্দল চলছে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ আশরাফ উদ্দিন খান। অপর পক্ষের নেতৃত্বে আছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের।