নোয়াখালীর বেগমগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৬৩ বছর। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাজিপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে আইসোলেশনে তিনি মারা যান।
এ নিয়ে বেগমগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণে ১০ জনের মৃত্যু হলো। গতকাল মারা যাওয়া ব্যক্তি চৌমুহনী পৌরসভার নিকাহ রেজিস্ট্রার (কাজি) ছিলেন।
নিহত ব্যক্তির ছেলে প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় তাঁর বাবা নিজ বাড়িতে মারা গেছেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। গতকাল সোমবার রাতে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ থেকে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। আগে থেকেই বাড়িতে রেখে তাঁর বাবাকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাশ প্রথম আলোকে বলেন, গত রোববার ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছিল। গতকাল রাতে আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর তাঁকে বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়।