নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের নলেরচরের চানন্দি বাজারের কাছে বাড়িতে হামলা চালিয়ে আবদুর রেজ্জাক (৩২) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত রোববার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় হামলায় রেজ্জাকের স্ত্রী হাসনা বেগমও (২৬) গুরুতর আহত হন। নিহত আবদুর রেজ্জাক চানন্দি ইউনিয়নের নলেরচরের আল-আমিন সমাজ গ্রামের আবদুর রবের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত দুইটার দিকে নলেরচরের চিহ্নিত সন্ত্রাসী বেলাল হোসেন ওরফে টেগরা বেলাল ও রহিমের নেতৃত্বে ৩০-৩৫ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে যুবলীগ কর্মী আবদুর রেজ্জাকের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা এ সময় বসতঘরের ভেতর ঢুকে রেজ্জাককে বাইরে বের করে এনে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় রেজ্জাকের স্ত্রী হাসনা স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে আহত করা হয়। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।সূত্র জানায়, এ ঘটনার পর এই সন্ত্রাসীরা একই এলাকার হারুনুর রশীদ ওরফে হারু মাঝির বাড়িতেও হানা দেয়। সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে হারু মাঝি বাড়ি থেকে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকে না পেয়ে তাঁর বসতঘরে হামলা-ভাঙচুর চালায়। হাতিয়ার নলেরচরের মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, রেজ্জাক নিজেও জলদস্যু নিজাম বাহিনীর সদস্য।