নড়াইলে জাল ভোট দেওয়ার দায়ে কারাদণ্ড

নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল রোববার কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট প্রদান, সংঘর্ষ ও জেল-জরিমানার ঘটনা ঘটেছে।
বেলা একটায় শহরের রূপগঞ্জ বালিকা বিদ্যালয় কেন্দ্রে নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইল গ্রামের প্রতীক বিশ্বাস (২৮) জাল ভোট দেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে আটক করে।
এ সময় তাঁর কাছ থেকে সিল মারা ৪৯টি ব্যালট পেপার উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আরিফুজ্জামান প্রতীক বিশ্বাসকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। বাহিরগ্রাম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মহিতোষ কর্মকার বলেন, সকাল সাড়ে নয়টার দিকে কেন্দ্রের সামনে আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।