রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত বিজ্ঞপ্তি ছাড়া রেজিস্ট্রার নিয়োগের প্রতিবাদে প্রশাসনিক পদ থেকে নয়জন শিক্ষক পদত্যাগ করেছেন। গতকাল শনিবার উপাচার্যের কাছে একযোগে পদত্যাগপত্র জমা দেন তাঁরা।
পদত্যাগী ওই কর্মকর্তারা ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে পরীক্ষা নিয়ন্ত্রক মোরশেদ হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট আবু কালাম মো. ফরিদ উল ইসলাম, একই হলের হাউস টিউটর রাফিউল আজম, মোস্তাফিজুর রহমান ও খন্দকার জাহাঙ্গীর আলম, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট এইচ এম তারিকুল ইসলাম, একই হলের হাউস টিউটর খন্দকার শারমীন আশরাফী, সহকারী প্রক্টর আতিকুর রহমান ও শাহ জামান ওই পদত্যাপত্র জমা দিয়েছেন। তাঁরা বিভিন্ন বিভাগের শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী ওই নয় কর্মকর্তার পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘তাঁরা পদত্যাগপত্র জমা দিলেও এখনো কার্যকর করা হয়নি। আমি তাঁদের সঙ্গে এ বিষয়ে কথা বলব। পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’