পঞ্চগড়ে নকল ওষুধ তৈরির কারখানা, চারজনকে কারাদণ্ড

পঞ্চগড় শহরের কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে সদর থানার পুলিশ গত শুক্রবার গভীর রাতে নকল হারবাল ওষুধ তৈরির কারখানার সন্ধান পায় ও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।পুলিশ জানায়, উপপরিদর্শক মো. বাবুল ইসলাম ও দীন মোহাম্মদের নেতৃত্বে পুলিশ কায়েতপাড়া এলাকার কবির হোসেনের বাসায় অভিযান চালিয়ে ওই কারখানার সন্ধান পায়। এ সময় নোয়াখালীর সেনবাগ উপজেলার বসন্তপুর গ্রামের আবদুল মোমিন (৩০) ও কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভুগুই গ্রামের মো. মোহসীন হোসেনকে (২০) গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ওষুধ ও ওষুধ তৈরির উপকরণ।