পদ্মা সেতু নির্মাণসহ বৃহত্তর খুলনার উন্নয়নে ১১ দফা দাবিতে খুলনা অচলসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকালে খুলনায় এক সভায় এ কর্মসূচি ঘোষণা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতারা। নগরের মজিদ সরণি সড়কে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সভা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে: ১১ ফেব্রুয়ারি বেলা ১১টায় নগরের পিকচার প্যালেস মোড়ে অবস্থান ধর্মঘট, ২৫ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাবে কনভেনশন ও ২১ মার্চ খুলনা অচল।দাবিগুলোর মধ্যে আরও রয়েছে: খুলনা অঞ্চলে পাইপলাইনে গ্যাস সরবরাহ, গ্যাস সিলিন্ডারের মূল্য হ্রাস, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন, আধুনিক রেলস্টেশন নির্মাণ, মংলা বন্দরে ড্রেজিংসহ অবকাঠামো উন্নয়ন, নিউজপ্রিন্ট কারখানাসহ সব বন্ধ কারখানা চালু। এ ছাড়া আগামী বাজেটে খুলনা অঞ্চলের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবিও রয়েছে।বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এস এম দাউদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, মোস্তফা কামাল, শেখ মোশাররফ হোসেন, মো. নিজামউর রহমান, আজাদ-উল-হক প্রমুখ।কর্মসূচিতে দল-মত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।