পূর্বশত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বেহাকৈর গ্রামে গতকাল শনিবার একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাঁদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর কেউ কেউ জানান, কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর পূর্বপাড়া গ্রামের ব্যবসায়ী সাইফুল ভূঁইয়ার সঙ্গে একই এলাকার মনির হোসেনের শুক্রবার রাতে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল শনিবার সকালে সাইফুল ভূঁইয়া তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় মনির হোসেনের নেতৃত্বে তাঁর সহযোগী কবির হোসেন ও হাবিবুর রহমানসহ ৮-১০ জনের একটি বাহিনী রামদা, টেঁটা, ছুরি ও লাঠি নিয়ে প্রথমে সাইফুল ভূঁইয়ার ওপর হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে জখম করে।