কক্সবাজারের টেকনাফে গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে পাচারকারীদের হামলায় তরিকুল ইসলাম (৩৯) নামের বিজিবির এক সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা নৌকা থেকে ২০ বস্তা চিনি, ১৯ বস্তা ময়দা উদ্ধার করা হয়।
বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকা দিয়ে মিয়ানমারে চোরাই পণ্য পাচারের গোপন সংবাদ পেয়ে দমদমিয়া বিওপির জওয়ানেরা ওই এলাকার টহল জোরদার করে। এ সময় চোরাই পণ্য ভর্তি একটি নৌকা দেখতে পেয়ে সংকেত দেওয়া হলে পাচারকারীরা অম্যান্য করে প্যারাবনে নৌকাটি উঠিয়ে দেয়। এ সময় পাচারকারীরা পার্শ্ববর্তী গ্রামের ঢুকে লম্বা কিরিচ, দা, লাঠি ও ইটপাটকেল নিয়ে হামলা চালালে এতে তরিকুল ইসলাম (৩৯) নামে এক বিজিবির সদস্য আহত হন।