ভারতে পাচার হওয়া ৭২ বাংলাদেশি শিশুকে ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব ও পররাষ্ট্র সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘ফিরতে চায় ভারতে বন্দী ৭২ শিশু’ শিরোনামে একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন নজরে আনা হলে আদালত এ রুল ও আদেশ দেন। বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী মো. আসাদ উল্লাহ ও মো. জে আর খান। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে পাচার হয়ে যাওয়া ৭২ শিশু ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) ও পুলিশের হাতে ধরা পড়ে। পরে তাদের ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার শেল্টার হোমসগুলোতে পাঠানো হয়।