পাট কেনায় পরিমাণগত ক্ষতির টাকা দায়ী কর্মকর্তাদের কাছ থেকে আদায়ে গাফিলতির জন্য পাট মন্ত্রণালয়ের নিন্দা করেছে সরকারি হিসাবসম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। জাতীয় সংসদ ভবনে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির সভায় এ নিন্দা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর। সভায় পাট মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি ও আধাসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানসমূহের ২০০০-২০০১ অর্থবছরের হিসাবের ওপর নিরীক্ষা প্রতিবেদনের মাধ্যমে আপত্তি উত্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় বলা হয়, বিভিন্ন পাট ক্রয়কেন্দ্রে পাট কেনার ক্ষেত্রে ক্ষতির পরিমাণ দুই কোটি ৫১ লাখ ৮৩ হাজার ৩৫৭ টাকা। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন ৭১ জন কর্মকর্তা ও কর্মচারী। মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা সোনালি করমর্দনের সময় দায়ী ৭১ জনের কাছ থেকে ক্ষতির টাকা আদায় করেননি। এ জন্য কমিটি মন্ত্রণালয়ের নিন্দা করে। একই সঙ্গে কমিটি দায়ী ব্যক্তিদের কাছ থেকে অনাদায়ী টাকা আদায়ে যেসব কর্মকর্তা গাফিলতি করেছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে এবং এ বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে কমিটিকে জানাতে বলা হয়েছে।কমিটির সদস্য আলী আশরাফ, সংসদের চিফ হুইপ আবদুস শহীদ, টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, ইমাজ উদ্দিন প্রামাণিক, খান টিপু সুলতান, নারায়ণ চন্দ্র চন্দ ও ফরিদা আখতার সভায় উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।