মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে পাট শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত রাশিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরের দিকে সাহারবাটি-গাংনী সড়কের পাকা রাস্তার দুই পাশে পাট শুকাতে গেলে একই গ্রামের মুন্তাজ আলী ওই জায়গা আগে থেকেই তাঁর দখলে রয়েছে বলে দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের ১২ জন আহত হয়েছে।