পান্থপথে শিবিরের ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর

রাজধানীর পান্থপথে আজ বিকেলে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে যানবাহন ভাঙচুর করেছেন শিবিরের কর্মীরা। বিকেল সাড়ে পাঁচটায় স্কয়ার হাসপাতাল ও ইংরেজি দৈনিক ‘ঢাকা ট্রিবিউন’ কার্যালয়ের সামনে এ ভাঙচুর চালানো হয়।

প্রত্যক্ষদর্শী ও ‘ঢাকা ট্রিবিউন’-এর একাধিক কর্মী প্রথম আলো ডটকমকে জানান, কলাবাগান এলাকার একটি গলি থেকে ব্যানার নিয়ে শিবিরের কর্মীরা হঠাত্ করে মিছিল বের করেন। হরতালের সমর্থনে মিছিল করে তাঁরা আট-দশটি যানবাহন ভাঙচুর করে পালিয়ে যান।

এ  ব্যাপারে তেজগাঁও অঞ্চলের পুলিশের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলো ডটকমকে জানান, মিছিলকারীরা সোবহানবাগের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটান। তবে কাউকে আটক করা যায়নি।