পুলিশের জন্য অনুদান

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর পুলিশ ফাঁড়ির পিকআপ ভ্যান মেরামত করতে পথকলি ট্রাস্ট নগদ এক লাখ টাকা অনুদান দিয়েছে। গতকাল শুক্রবার ট্রাস্টের পক্ষ থেকে এ অনুদান দেওয়া হয়। এ ছাড়া এলাকার আড়াই শ দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে ট্রাস্ট।
শমশেরনগর বিমানবন্দর সড়কে অবস্থিত ট্রাস্টের কার্যালয়ে সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের অর্থ তুলে দেন প্রধান অতিথি বিশিষ্ট জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী। এ সময় দুস্থদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন তিনি।
ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং মুহিবুর রহমান ও হাফিজুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শমশেরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুয়েল আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার সাজ্জাদুর রহমান ও উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।