আমরা যখন এই দেশে আসি, তখন প্যারাবন নিধনের দৃশ্য দেখে কিংবা খবর শুনে আমাদের ভীষণ কান্না পায়। খুব খারাপ লাগে। প্যারাবন একটা দেশের জন্য কত উপকারী। বিষয়টা সবাইকে বুঝতে হবে। এই বন রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। না হয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়বে এই উপকূলীয় অঞ্চলে। জাপানের পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ইউ আই জেনসনের সদস্য নাগাহিরো ওচুগি ও মিয়াকি আরি কক্সবাজারের চকরিয়া উপজেলার চরন্দ্বীপ এলাকায় প্রথম আলোকে এসব কথা বলেন।উপজেলার উপকূলীয় এলাকায় (বিলুপ্ত সুন্দরবন) প্যারাবন সৃষ্টি করতে স্বেচ্ছাসেবী এই সংগঠনের ১৫ জন সদস্য গত ১৫ মে বাংলাদেশে আসেন। তাঁরা গত রোববার থেকে উপজেলার পশ্চিম বড় ভেওলা, ডেবডেবি, রামপুর, চরন্দ্বীপ ও ইলিশিয়া এলাকায় বৃক্ষরোপণ শুরু করেন। গত বুধবার তাঁদের বৃক্ষরোপণ কর্মসূচি শেষ হয়।সংগঠনের সদস্যরা জানান, বাংলাদেশের উপকূলের যেসব এলাকায় প্যারাবন রয়েছে সেসব এলাকায় প্রাকৃতিক ও সুস্বাদু মাছ পাওয়া যায়। এসব মাছ জাপানের বাজারে বেশ চড়া দামে বিক্রি হয়। স্বেচ্ছাসেবক দলের নেতা হিরোনারি হারাদার দুঃখ প্রকাশ করে বলেন, এই প্যারাবনে শুধু সুস্বাদু মাছই পাওয়া যায় না, প্রাকৃতিক দুর্যোগে বর্মের মতো কাজ করে এই প্যারাবন। অথচ প্যারাবন রক্ষায় এখানে সচেতনতার অভাব যথেষ্ট অভাব রয়েছে। এই প্যারাবন রক্ষায় এখনই সবাইকে উদ্যোগী হতে হবে। স্বেচ্ছাসেবী দলের সদস্যরা এই কদিন বৃক্ষরোপণের পাশাপাশি স্থানীয় ইলিশিয়া উচ্চবিদ্যালয় ও আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন। তাঁরা গাছ লাগানোর উপকারী দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। বেশি বেশি গাছ লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাপানের পরিবেশবাদী সংগঠন ওয়েস্কা ইন্টারন্যাশনালের ম্যানগ্রোভ রি-ফরেস্ট্রেশন প্রকল্পের অধীনে প্যারাবন সৃজন করতে ১৯৯২ সাল থেকে প্রতিবছর জাপানের স্বেচ্ছাসেবীরা এ দেশে আসছেন।ওয়েস্কা ইন্টারন্যাশনালের চকরিয়ার ব্যবস্থাপক হামিদুল হক জানান, দলটি বাইন ও নুনিয়ার প্রজাতির প্রায় ১০ হাজার গাছ রোপণ করেছে। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর থেকে চকরিয়া ও কক্সবাজার উপকূলীয় এলাকায় ওয়েস্কা প্রায় এক হাজার একর জমিতে প্যারাবন সৃজন করেছে। এখন এখানে কয়েক লাখ গাছ রয়েছে।