গতকাল বৃহস্পতিবার প্রথম আলোতে প্রকাশিত ‘আত্মস্বীকৃত দুর্নীতিবাজ, ব্যবস্থা নেবে না যোগাযোগ মন্ত্রণালয়’ শীর্ষক খবরের পরিপ্রেক্ষিতে বক্তব্য দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।গতকাল পাঠানো বক্তব্যে বলা হয়েছে, প্রকাশিত খবরটি তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ নয়। প্রকৃত তথ্য হচ্ছে, সড়ক ও জনপথ বিভাগের যেসব কর্মকর্তা-কর্মচারী সত্য ও জবাবদিহিতা কমিশনে (ট্রুথ কমিশন) গিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে করণীয় সম্পর্কে যোগাযোগ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। দুটি মন্ত্রণালয় এসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দেয়। এ দুটি মন্ত্রণালয়ের মতামতের পরিপ্রেক্ষিতে যোগাযোগ মন্ত্রণালয় সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করে। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব মামলার বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন এবং হাইকোর্ট বিভাগীয় মামলার ওপর স্থগিতাদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে সত্য ও জবাবদিহিতা কমিশনে যাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা স্থগিত আছে। তবে মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের স্ত্রী-সন্তানদের ব্যাপারে অধিকতর তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ করেছে। অধিকন্তু সড়ক ও জনপথ বিভাগের যেসব কর্মকর্তা জবাবদিহিতা কমিশনে গিয়েছিলেন, তাঁদের রিজার্ভে রাখা হয়েছে।