পাবনা সদর উপজেলায় এক প্রকৌশলীকে খুন করে তাঁর মোটরসাইকেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। বগুড়ার আদমদীঘি থেকে উদ্ধার করা হয়েছে এক শিক্ষকের লাশ। জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের এক ভ্যানচালকের মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা: এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মাধপুর টেপাগাড়ি ব্রিজ এলাকা থেকে নাদিম হোসেন (৩০) নামে এক প্রকোশলীর লাশ উদ্ধার করেছে। তিনি পাবনা পৌর শহরের আটুয়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।
পরিবার ও এলাকাবাসী জানান, নাদিম ঈশ্বরদী উপজেলায় একটি সিএনজি স্টেশনে চাকরি করতেন। রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা রাস্তায় রশি টানিয়ে গতি রোধ করে কুপিয়ে নাদিমকে হত্যার পর মোটরসাইকেলটি নিয়ে যায়। পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল সালাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আদমদীঘি (বগুড়া): আদমদীঘির বশিপুর সরদার পাড়ার মিজানুর রহমান প্রথম স্ত্রী থাকা অবস্থায় দেড় বছর আগে তছলিমা বেগমকে বিয়ে করে আলাদা ভাড়া বাসায় রাখেন। প্রতিবেশীরা বৃহস্পতিবার রাত ১২টার দিকে সান্তাহার হাউজিং কলোনির বাসায় ঘরের আড়ার সঙ্গে কিন্ডারগার্টেন শিক্ষিকা তছলিমার ঝুলন্ত লাশ দেখতে পান। এ সংবাদ পেয়ে মিজানুর স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবরটি দিয়ে প্রথম স্ত্রীসহ গা ঢাকা দিয়েছেন।
সান্তাহার টাইন পুলিশ ফাঁড়ির টিএসআই মিজানুর রহমান জানান, গতকাল শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আক্কেলপুর (জয়পুরহাট): দুই দিন আগে আক্কেলপুর পৌর সদরের রাজকান্দা মহল্লার দিলবর আলীর মেয়ে রিমা খাতুনের (১৮) বিয়ে ঠিক হয়েছিল। আগামী শুক্রবার তাঁর বিয়ের দিনক্ষণ ঠিক করা ছিল। বাবা গ্রামবাসীর সহায়তায় মেয়ের বিয়ের বাজারও করেছিলেন। এ অবস্থায় গতকাল সকালে বাড়ির কাছেই একটি জঙ্গল থেকে মেয়েটির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রিমা গ্রামের একজন মৌলভির কাছে পড়তে যান। কিন্তু রাতেও আর বাড়িতে না ফিরলে খোঁজ নিয়ে জানা যায় মেয়েটি মৌলভির কাছে পড়তে যাননি। গতকাল সকালে রিমার ছোট বোন (৩) বাড়ির পাশে জঙ্গলে গিয়ে বোনকে পড়ে থাকতে দেখে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। থানার ওসি রেজাউস সাদিক বলেন, মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।