শাকসবজি, ফলমূল ও মাছে মানবদেহের জন্য ক্ষতিকর ফরমালিন না মেশানোর জন্য চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকালে ‘সচেতন ছাত্র পরিষদ’-এর ব্যানারে এ প্রচারাভিযান চালানো হয়। এর উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। শিক্ষার্থীরা বাজারে বিভিন্ন দোকানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। প্রচারাভিযানে নেতৃত্ব দেন ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ইয়াছির আরাফাত। প্রায় ৬০ জন শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।