অপরিণত বয়সে বিয়ের কারণে অনেক সময় কিশোরী মা অপুষ্টিতে আক্রান্ত শিশুর জন্ম দেয়। এতে শিশুটির প্রতিবন্ধিতার আশঙ্কা থেকে যায়। অনেক ক্ষেত্রে বিকলাঙ্গ শিশুরও জন্ম হয়। বাল্যবিবাহের কারণে মা ও নবজাতকের জীবনের ঝুঁকি থাকে বেশি।
গতকাল শনিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলায় প্রতিবন্ধিতা প্রতিরোধে বাল্যবিবাহ নিরোধে সচেতনতা-বিষয়ক সভায় বক্তারা এসব কথা বলেন। মানিকগঞ্জ ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (এমডিপিওডি) নামে স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা দিঘি ইউনিয়নের কয়রা গ্রামে এ সভার আয়োজন করে।
এমডিপিওডির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দিঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিন মোল্লা, এমডিপিওডির পরিচালক এন্তাজ আলী, স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফুর রহমান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য সালমা ইসলাম প্রমুখ। এন্তাজ আলী বলেন, নারীশিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্যবিবাহ মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর ঝুঁকি বাড়ায়। অনেক ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্ম দিতে পারে৷ মতিন মোল্লা বলেন, বাল্যবিবাহ শুধু ব্যক্তিগত ক্ষতিই করে না; পারিবারিক, সামাজিক—সর্বোপরি রাষ্ট্রের ক্ষতি করে থাকে।