প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহারের দাবিতে শরীয়তপুর জেলা শহরের সব কটি বাজারের ব্যবসায়ীরা গতকাল বৃহস্পতিবার দুই ঘণ্টা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন। দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ কর্মসূচি চলে। এ সময় ব্যবসায়ীরা শহরজুড়ে মানববন্ধন করেন। জাগো শরীয়তপুর নামে একটি সংগঠন ওই কর্মসূচির আয়োজন করে। তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার।