বাগেরহাটের রামপাল উপজেলায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বন্ধ করতে গতকাল বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে জেলার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এর আগে তারা বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি পূরণ না হলে আন্দোলনের ঘোষণা দেয়। প্রধানমন্ত্রীকে আরেকটি স্মারকলিপি দিয়েছে রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। রামপাল ও মংলা উপজেলার কৃষিজমি সুরক্ষা, মাটি ও পানির লবণাক্ততা হ্রাস এবং দুর্যোগ প্রতিরোধে একনেকে অনুমোদন পাওয়া ১৬৭ কোটি টাকার ৩৪/২ পোল্ডারের সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করে। এর আগে তারা বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।