বরিশালের উজিরপুর উপজেলায় পেট্রলবোমায় ট্রাকচালকের সহকারী নিহত হওয়ার ঘটনায় বিএনপির কর্মী সোহাগ মৃধা গত সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত রোববার ঢাকা থেকে উজিরপুর মডেল থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের লাগাতার হরতাল-অবরোধ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে নাশকতা চালান সোহাগ। ১৮ জানুয়ারি মহাসড়কের উজিরপুর বামরাইল এলাকায় একটি ট্রাকে পেট্রলবোমা হামলা চালিয়ে চালকের সহকারীকে হত্যা করেন সোহাগ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সোহাগ মৃধাকে প্রধান আসামি করে ১৯ জানুয়ারি একটি মামলা করে।
নিহত ট্রাকচালকের সহকারীর নাম সোহাগ হোসেন বিশ্বাস (১৭)। সে ফরিদপুরের নগরকান্দার শংকরপাশা গ্রামের বাসিন্দা ছিল।