
প্রয়াত বাবার রেখে যাওয়া সম্পত্তির (স্থাবর–অস্থাবর) উত্তরাধিকার থেকে হিন্দুধর্মাবলম্বী নারী বা কন্যাকে বঞ্চিত করার বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
প্রয়াত বাবার সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়া–সংক্রান্ত সংশ্লিষ্ট বিধান চ্যালেঞ্জ করে বেসরকারি একটি ব্যাংকের পরিচালক অনন্যা দাশ গুপ্ত ১৩ ফেব্রুয়ারি রিটটি করেন। বনানীর বাসিন্দা অশোক দাশ গুপ্তের মেয়ে অনন্যা। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খায়রুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
পরে আইনজীবী খায়রুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, অশোক দাশ গুপ্ত ২০২০ সালের ১৩ ডিসেম্বর মারা যান। তিনি মারা যাওয়ার পর তাঁর ছেলে নিম্ন আদালতে উত্তরাধিকার–সম্পর্কিত মামলা করেন। এই মামলায় দাবি করা হয়, দায়ভাগা মতবাদের প্রথাগত আইন অনুযায়ী মেয়েরা মৃত বাবার সম্পত্তিতে কোনো অধিকার রাখেন না। এই বিধান সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে রিটটি করা হয়। শুনানি নিয়ে আদালত ওই রুল দিয়ে ২০ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন রেখেছেন।