রাজধানীর ফুটপাতে বিভিন্ন অবৈধ স্থাপনা পয়লা নভেম্বর থেকে অপসারণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে পাঠানো এক আধাসরকারি চিঠিতে এ অনুরোধ জানান যোগাযোগমন্ত্রী আবুল হোসেন।চিঠিতে বলা হয়, ফুটপাতের অবৈধ স্থাপনা ঢাকা শহরের যানজট বাড়াচ্ছে। ফুটপাতে দেশের মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, সে জন্য অবৈধ স্থাপনা অপসারণ করতে হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, এমন অনুরোধ জানান যোগাযোগমন্ত্রী। এর আগে ৩ অক্টোবর একই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সহায়তা চেয়ে চিঠি পাঠান যোগাযোগমন্ত্রী।এদিকে গতকাল যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের বলেন, দক্ষিণ কোরিয়া সরকারের সহায়তার ১৫০টি এসি এবং ১৫০টি নন-এসি বাস কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে ডিসেম্বরের মধ্যে চুক্তি সই হতে পারে। মন্ত্রী জানান, যানজট কমাতে সরকার ‘কমিউটার সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে। এ-সংক্রান্ত একটি প্রস্তাব একনেকে উপস্থাপন করা হবে।