রাজধানীর পল্টন থানায় করা নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও মির্জা আব্বাসসহ দলের ২৬ নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি ২৬ অক্টোবর ধার্য করেছেন আদালত।
আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ ইউনুস খান এ তারিখ ধার্য করেন।
আজ এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে মির্জা ফখরুল, মওদুদ আহমদ ও মির্জা আব্বাসহ কয়েকজন আসামির পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।
২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানা-পুলিশ এ মামলাটি দায়ের করে। ওই বছরের ২৬ মার্চ এই ২৬ নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।