নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা ও তিন সন্তানের মধ্যে মা ও ছেলে মারা গেছে। ৫ বছর বয়সী সাফায়ান গতকাল রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আর আজ সোমবার সকালে মা ফাতেমার মৃত্যু হয়।
পুলিশ জানায়, গতকাল নারায়ণগঞ্জের গিরিধারা আবাসিক এলাকার ষষ্ঠ তলা ভবনের তৃতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে মা ও তিন সন্তান দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা ও এক ছেলের মৃত্যু হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই সন্তান চিকিৎসাধীন আছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।