ফরিদপুরে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে আহত ১০

ফরিদপুর শহরের অম্বিকা হলে বিএনপির দুই পক্ষের চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় দলের ‘সাংগঠনিক মতবিনিময় সভা’ পণ্ড হয়ে গেছে। গতকাল রোববার বিকেলে এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। পরে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের কয়েকজন নেতা তড়িঘড়ি করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সভা শেষ করেন। দলীয় সূত্র জানায়, জেলা বিএনপির নেতা সাবেক সাংসদ চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও জেলা বিএনপির সভাপতি জহিরুল হকের মধ্যে দলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল অম্বিকা হলে দলের একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।