ফরিদপুরের বোয়ালমারীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি গ্রামে বিজিবির সদস্য আবদুল কুদ্দুস শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
সন্ত্রাসীরা কুদ্দুস শেখের বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করে এবং তাঁর ছেলে মাহাবুব আলমকে (২০) কুপিয়ে জখম করে। কুদ্দুস শেখ বর্তমানে বান্দরবানে কর্মরত।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাত-আটজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। তারা রামদায়ের কোপে মাহাবুবকে আহত করে এবং ১০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কুদ্দুস শেখের স্ত্রী আনোয়ারা বেগম চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে গতকাল বুধবার মামলা করেছেন। বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।