মুন্সিগঞ্জে জেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলায় মেয়েদের মধ্যে শেখরনগর উচ্চবিদ্যালয় এবং ছেলেদের মধ্যে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী উচ্চবিদ্যালয় জয়ী হয়। শেখরনগর উচ্চবিদ্যালয় মুন্সিগঞ্জ এ ভি জে এম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়কে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে। অন্যদিকে লৌহজং পাইলট উচ্চবিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চাম্পিয়ন হয় বাড়ৈখালী উচ্চবিদ্যালয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশীদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শরিফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।