রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে গতকাল সোমবার সন্ধ্যায় ছেড়ে যাওয়া একটি রো রো (বড়) ফেরি পদ্মা নদীর মাঝামাঝি এসে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। ফেরিটিতে ছোট-বড় ১৯টি যান ও ২০০ যাত্রী ছিল। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দৌলতদিয়ার ২ নম্বর ঘাট থেকে রো রো ফেরি শাহপরান যাত্রীবাহী তিনটি বাস, সাতটি পণ্যবাহী ট্রাক ও নয়টি ব্যক্তিগত (ছোট) গাড়ি নিয়ে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ফেরিটি প্রায় মাঝনদীতে পৌঁছানোর পর ইঞ্জিন ও সুকানির সমস্যায় বিকল হয়ে পড়ে। এ সময় বাধ্য হয়ে চালক ফেরিটি বন্ধ করে দেন। পরে পাটুরিয়াতে অবস্থানরত বিআইডব্লিউটিসির নিজস্ব উদ্ধারকারী জাহাজ (আইটি-৩৮৯) সেটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসে। প্রায় পৌনে দুই ঘণ্টা আটকে থাকার পর সেটি উদ্ধার হয়।