হত্যার আট মাস সাত দিনের মাথায় স্কুলছাত্র নাঈমুর রহমান ওরফে নাঈম (১৩) হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। গত বুধবার বগুড়ার আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও কাহালু থানার উপপরিদর্শক (্এসআই) আনোয়ার হোসেন।আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, দীর্ঘ তদন্ত শেষে এজাহারভুক্ত ১০ আসামির ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইটভাটা-মালিক আবদুল মান্নানসহ চারজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।অভিযোগপত্রে যাঁদের অভিযুক্ত করা হয়েছে, তাঁরা হলেন: কাহালুর উলট্ট পূর্বপাড়ার আবু জাকারিয়া (২৩), ডালিম হোসেন (১৯), আসাদুজ্জামান (১৯), উলট্ট মধ্যপাড়ার শাহাদত হোসেন (১৯), ইটভাটার শ্রমিক (ফায়ারম্যান) আবদুল মতিন ও রস্তমচাপড় গ্রামের শাকিল হোসেন মোল্লা (১৭)। তাঁদের মধ্যে জাকারিয়া, ডালিম ও আসাদুজ্জামান পলাতক। নাঈমের বাবা ও মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, ইটভাটা-মালিককে অব্যাহতি দেওয়া হলেও সুষ্ঠু বিচারের স্বার্থে পুলিশের দাখিল করা অভিযোগপত্রের ব্যাপারে তিনি আপত্তি জানাবেন না। তবে বিচার কার্যক্রম দ্রুত করে খুনিদের শাস্তি নিশ্চিত করা ও পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। কাহালু পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ও উপজেলার রুস্তমচাপড় গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে নাঈম গত ৫ এপ্রিল সকালে স্কুল ও কোচিং করতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। কাহালুর চারমাথা বাজারের অবজেকটিভ কোচিং সেন্টারসংলগ্ন এলাকা থেকে নাঈমকে অপহরণ করে বাবা-মায়ের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণের টাকা দেওয়ার পরও অপহরণকারীরা নাঈমকে হত্যা করে একটি ইটভাটার আগুনে লাশ পুড়িয়ে ফেলে।