নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বেসরকারি সংস্থা (এনজিও) আত্মকর্ম সমাজ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক দিদারুল আলমকে হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। বন্ধুরাই বালিশচাপা দিয়ে তাঁকে হত্যা করেছেন। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি গতকাল বুধবার স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেন।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন গতকাল বিকেলে বলেন, তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে নাদিম ও তাজুল নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।