
বান্দরবানের লামায় প্রায় ৩৫০ একর জুম চাষের প্রাকৃতিক বন পুড়িয়ে দেওয়া এবং চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে গাছে বেঁধে নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১৬ জন বিশিষ্ট নাগরিক। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এ দুই ঘটনার তদন্ত ও বিচার দাবি করেছেন তাঁরা।
বিবৃতিদাতারা হলেন মানবাধিকারকর্মী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, নারীনেত্রী ও নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি জেড আই খান পান্না, সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ পরিষদের উপদেষ্টা কাজল দেবনাথ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সামাজিক আন্দোলনের সাবেক সহসভাপতি তবারক হোসাইন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং এবং একই সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা।
বিবৃতিতে বলা হয়েছে, গত ২৯ এপ্রিল জিতেন কান্তি গুহকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। স্থানীয় ব্যক্তিরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি কে জসিম ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত ২৭ এপ্রিল বান্দরবানের লামা উপজেলার লাংকমপাড়া, জয়চন্দ্র কারবারিপাড়া ও রেংয়েন কারবারিপাড়ার ক্ষুদ্র জাতিগোষ্ঠী ম্রো ও ত্রিপুরাদের জুম চাষের প্রাকৃতিক বন পুড়িয়ে দেওয়া হয়। এ আগুনে প্রায় ৩৫০ একর জুমের ধান, বাঁশ, আম, কলা, আনারসসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পাড়াগুলোর ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধিবাসীদের অভিযোগ, জমি দখলের জন্য লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কোম্পানির লোকজন বাগানে পরিকল্পিতভাবে এ আগুন লাগিয়েছেন।