
ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অদম্য-৩১–এর (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) ব্যাচ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) বর্ণাঢ্য শোভাযাত্রা, পরিচ্ছন্নতা অভিযান, কেককাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
দিনটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় অদম্য-৩১–এর ব্যানারে সব বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে আনন্দ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।
পরে শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযানের শপথ গ্রহণ করেন। প্রধান ফটক, ডায়না চত্বরসহ বিভিন্ন স্থানে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। তারপর বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে বিভিন্ন কর্মচারী–ভ্যানচালকদের মধ্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক পরেশ চন্দ্র বর্মণ। ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক রবিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাইদুর রহমান। সঞ্চালনা করেন সাদিকুর রহমান এবং প্রিয়াঙ্কা কুণ্ডু।
ইবি ক্যাম্পাসে নতুনত্ব দেওয়ার জন্য এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সবার মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে এই সম্মিলিত আয়োজন। এই বন্ধন অটুট থাকুক এবং একে অপরের সাহায্যে সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসতে পারার প্রত্যাশা ছিল শিক্ষার্থীদের।