দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তে গত সোমবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ককটেলে ফারুক হোসেন (২৮) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় বিএসএফ সদস্যরা প্রায় ৪০টি গরু ধরে নিয়ে গেছে। আহত ফারুক উপজেলার চেংগ্রামের লুৎফর রহমানের ছেলে।গরু ব্যবসায়ী ও বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঘাসুড়িয়া সীমান্তের ৫ নম্বর সাব-সীমানা পিলারের কাছে বাংলাদেশের ২৫-৩০ জন গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করেন। তবে সব ব্যবসায়ীই বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হন। ব্যবসায়ীদের মোট ৪০টি গরু বিএসএফ ধরে নিয়ে যায়। জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘একজন আহত হওয়ার কথা শুনেছি। তবে আমার ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে ওই সীমান্ত পড়ে না।’