বাংলাদেশ পর্যটনশিল্প নিয়ে কলকাতায় রোড শো

বাংলাদেশের পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান ভারতীয়দের নির্ভয়ে বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ এখন পর্যটনশিল্পে এগিয়ে গেছে।গতকাল শুক্রবার কলকাতায় এক সুধী সমাবেশে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশের পর্যটনশিল্পকে ভারতীয়দের কাছে পরিচিত করার জন্য গত বৃহস্পতিবার থেকে কলকাতায় তিন দিনব্যাপী রোড শো শুরু হয়েছে। কলকাতাস্থ ইন্দো-বাংলাদেশ কালচারাল সেন্টারের সহযোগিতায় রোড শোর আয়োজন করেছে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ট্যুরিজম ডেভেলপমেন্ট। এরই অংশ হিসেবে গতকাল বিকেলে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন মিলনায়তনে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন: কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, সাবেক পার্লামেন্ট সদস্য কৃষ্ণা বসু, আয়োজক বিএফটিডির সভাপতি হাকিম আলী প্রমুখ।